রায়গঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৭:৫২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৫৭১ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রায়গঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁরা পূজামণ্ডপে আগত ভক্ত, পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার চন্দ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহীন রেজা বাবু,বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আকন্দ সহ বিভিন্ন পূজা মন্ডব কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেন।



















