টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ হিন্দু পরিবার নিঃস্ব, জরুরি সহায়তার আহ্বান
- আপডেট সময় : ০৮:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৫৮৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি হিন্দু পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আকস্মিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু ধ্বংস হয়ে যায়। এতে পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে এবং তাদের পক্ষে নিজ উদ্যোগে পুনর্বাসন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে নিশি দাসের প্রায় ৭ লাখ, রাজকুমার দাসের ১০ লাখ, রাজ দাসের ৬ লাখ এবং রঞ্জিত দাসের প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বাদল দাস, মিন্টু দাস, রুবেল দাস, কৃষ্ণপদ দাস, জনি দাস, ভাগ্য দাস, সিদুল দাস, রঞ্জু দাস, রামপদ দাস, কাজল দাস ও চিনু দাসসহ অন্যান্য পরিবারগুলোর ক্ষয়ক্ষতি আনুমানিক ২ থেকে ১০ লাখ টাকার মধ্যে বলে জানা গেছে।
সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্য, বিশুদ্ধ পানি, পোশাক এবং জরুরি চিকিৎসাসহ মৌলিক সহায়তার তীব্র সংকটে রয়েছে।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ আলী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি।
এই মানবিক বিপর্যয় মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থা, বিত্তবান ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি দ্রুত এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হতে পারে।

















