শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : সাবেক সচিব
- আপডেট সময় : ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ৫৫১ বার পড়া হয়েছে
কবি-সাহিত্যিকদের রাষ্ট্র পছন্দ করে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সচিব ও লেখক কবি সাখাওয়াৎ হোসেন।
তিনি বলেন, বাচ্চাদের বইমুখী করতে হবে। এ জন্য তাদের লাইব্রেরিতে নিয়ে যেতে হবে এবং বই পড়াতে হবে। স্কুলে লাইব্রেরি ক্লাস চালু করতে হবে। এমনকি ক্লাসরুমে লাইব্রেরি থেকে বই নিয়ে বাচ্চাদের আধা ঘণ্টা হলেও পড়ার সুযোগ দিতে হবে। বাচ্চাদের বইমেলায় নিয়ে যেতে হবে এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার কবি, সাহিত্যিক ও লেখকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার প্রথাবিরোধী লেখক সংঘের প্রতিষ্ঠাতা, কবি, গবেষক ও লেখক কুমার সুশান্ত কুমার, বিশিষ্ট গীতিকার ও শিল্পী মো. হাবিবুল ইসলাম হিরা এবং সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা মো. আমিনুল ইসলাম, মাসুদ রানা ও অরুণ দেবনাথ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম মজুমদার উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে কবি অধ্যাপক আখিরা জিনাত মহল স্বপ্না, কবি ও শিক্ষক মীনা পারভীন, লেখক ও নাট্যকার আহমেদ, সোমনাথ চন্দ্র, নুরুন্নবী খান জুয়েল, কবি, লেখক ও সাংবাদিক মো. আজিজুর রহমান মুন্না, প্রধান শিক্ষক খুরশিদ জিন্নাহসহ জেলার অন্যান্য কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।













