সিরাজগঞ্জে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
- আপডেট সময় : ১২:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৫৩৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা রাখার দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার শাহাদত হোসেনের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলিতে অভিযান চালায়। এ সময় তাহের জামিল অপেলের পরিত্যক্ত বাড়ির দক্ষিণ পাশের বাগানে মাদকদ্রব্য বিক্রির সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। তার কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।
পরে জেলা গোয়েন্দা শাখার এসআই ইয়াসিন আরাফাত বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার আদালত এ মামলায় আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেনকে ৫০ লিটার চোরাই মদ রাখার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


















