সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা ৩৫ হাজার টাকা
- আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৫৩৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাসানী রোড ও রহমতগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রয় পর্যায়ে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রুমী এন্টারপ্রাইজের মালিক মো. রমজান আলী খানকে ২৫ হাজার টাকা এবং বাড়ির সদাইয়ের মালিক মোছা. বিলকিস আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কয়েকটি বাজারে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।











