সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, আদালতে জামিন
- আপডেট সময় : ০৩:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৫৪১ বার পড়া হয়েছে
স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার নিয়ে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন তাঁরা।
গত রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
এসআরবি-১২ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনা জেলার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের ৭ জন রয়েছেন। তাঁরা বিভিন্ন চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গত ২৮ অক্টোবর শাহজাদপুর থানায় ৬৫ জন সর্বহারা সদস্যের বিরুদ্ধে জিআর ৩১৭/২৬ নম্বরে একটি মামলা করা হয়। পরবর্তী সময়ে তাঁরা স্বেচ্ছায় এসআরবি-১২-এর কাছে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের পর গতকাল সোমবার সকালে তাঁদের শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. মোসলেম উদ্দিন প্রত্যেকের ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।
আদালতের জামিনের মধ্য দিয়ে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।













