সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত শরীফুল ইসলাম
- আপডেট সময় : ০৩:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫৫০ বার পড়া হয়েছে
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে কারিগরি শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অধ্যক্ষ শরীফুল ইসলাম এর আগেও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কারিগরি শিক্ষা বিভাগে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত হন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৬ অনুযায়ী উপজেলা, জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ অধ্যক্ষের স্বীকৃতি পেয়েছেন। এছাড়া কারিগরি শিক্ষায় অবদানের জন্য বিভিন্ন সময়ে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ২০০১ সালে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায় ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষার একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে।
প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, শিক্ষক-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও সুশাসনের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন সম্ভব হয়েছে। এ স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।















