উল্লাপাড়ায় নৌকা বাইচে সংঘর্ষ, ডুবে গেল দুই প্রতিযোগী নৌকা
- আপডেট সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৫৪০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত নৌকা বাইচে প্রতিযোগী নৌকার মধ্যে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি প্রতিযোগী নৌকা নদীতে ডুবে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে উপজেলার সোনতলা এলাকায় আয়োজিত নৌকা বাইচ চলাকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এ সময় আল মদিনা ও সোনার বাংলা বাহিমান নামের দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে সোনার বাংলা বাহিমান নৌকাটি নদীতে তলিয়ে যায়।
এর কিছুক্ষণ পর একই বাইচে বংকিরাট নবশক্তি ফাইটার ও সোনাবাজু একতা এক্সপ্রেস নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর সোনাবাজু একতা এক্সপ্রেস নৌকাটিও নদীতে ডুবে যায়।
নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। পরপর দুটি নৌকা সংঘর্ষে ডুবে যাওয়ার ঘটনায় দর্শকদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নৌকা বাইচ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। তবে দুর্ঘটনার সময় নৌকাগুলোতে থাকা প্রতিযোগীদের মধ্যে কেউ আহত বা নিখোঁজ হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিযোগী নৌকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং বাইচ চলাকালে নৌকাগুলোর মধ্যে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা হয়েছিল কি না—তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।


















