সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,প্রাণের ডিলারকে জরিমানা
- আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৫৪০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে প্রাণের এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতি, বিরালাকুঠি ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ দই ফ্রিজে সংরক্ষণ এবং প্রতিশ্রুত খাদ্যপণ্য যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করার অপরাধে প্রাণের ডিলার মো. আতিকুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বড় বাজারসহ বিভিন্ন ডিলার পয়েন্টে ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

















