রায়গঞ্জে উৎসবমুখর পরিবেশে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৫৪৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষিরতলা যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ক্ষিরতলা উচ্চবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দিন কাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য শুভাস মাহাতো, রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, ধামাইনগর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ভুট্টো রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্ষিরতলা এলাকায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল দর্শকদের সরব উপস্থিতি ও আনন্দঘন পরিবেশ।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।



















