সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন
জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
- আপডেট সময় : ০৬:১৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৬৩৮ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশের ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
তালিকা ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
দলীয় সূত্রে জানা যায়, প্রাথমিক প্রার্থী তালিকায় এবার তৃণমূলের কর্মী-নেতাদের পাশাপাশি আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং তরুণ প্রজন্মের নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে দলের সাংগঠনিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ক্ষেত্র থেকেও প্রার্থী মনোনয়নের প্রচেষ্টা নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলার ঘোষিত প্রার্থী তালিকা
বিএনপি এবার সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থীরা হলেন
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির প্রভাবশালী সংগঠক ভিপি আইনুল হক।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): বিশিষ্ট চিকিৎসক ও বিএনপি নেতা ডা. এম. এ. মুহিত।
তবে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, এ আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, শিগগিরই অবশিষ্ট আসনগুলোতেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা পুনর্বিবেচনা বা পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “আমরা নির্বাচন প্রস্তুতি অব্যাহত রেখেছি। তবে জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি চায় একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। সেজন্য সরকারের কাছে আমরা এখনো সেই পরিবেশ সৃষ্টির আহ্বান জানাচ্ছি।
-সি/কা-মে/রা












