তাড়াশে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা
- আপডেট সময় : ০১:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ৬৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখন মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। উপজেলার মাঝদক্ষিনা, কাটাগাড়ি, কর্ণঘোষ আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর বরাদ্দপ্রাপ্তরা ব্যবহার না করায় সেগুলোতে দিনরাত চলছে মাদক ও জুয়ার আড্ডা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকল্পে বসবাসরত অন্য পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাগাড়ি
আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘরের মধ্যে ২৮টি এবং মাঝদক্ষিনা ও কর্ণঘোষ প্রকল্পের ৪০টি ঘরের মধ্যে ১০টি ঘরই বর্তমানে ফাঁকা পড়ে আছে। অভিযোগ রয়েছে, প্রকৃত ভূমিহীনদের বদলে অনেক ক্ষেত্রে বিত্তবান ও প্রভাবশালীদের নামে ঘর বরাদ্দ দেওয়ায় তারা সেখানে থাকছেন না। এই সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘরগুলো অবৈধভাবে দখল করে মাদক বেচাকেনা ও সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের এক বাসিন্দা বলেন, ‘যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে, তাদের অনেকেই এখানে কোনোদিন আসেনি। দীর্ঘ দিন ঘরগুলো পরিত্যক্ত থাকায় রাতে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। প্রতিবাদ করলে উল্টো হুমকির মুখে পড়তে হয়। আমরা এখন সন্তানদের নিরাপত্তা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি।’
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, আশ্রয়ণ প্রকল্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। তিনি বলেন, ‘ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হবে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ঘরগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। যারা বরাদ্দ পেয়েও ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীনদের তালিকা তৈরি করে ঘরগুলো বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, শুধু অভিযান নয়, প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত এবং নিয়মিত প্রশাসনিক তদারকি বজায় রাখলেই কেবল এই সামাজিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।












