শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে সিরাজগঞ্জে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৬৫৬ বার পড়া হয়েছে
দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত জাকের পার্টির দেশব্যাপী “শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ইউনিয়ন জনসভা” কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ পৌরসভা কমিটির উদ্যোগে এক জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি সিরাজগঞ্জ জেলা সভাপতি আলমগীর হোসেন। এ সময় জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ছাহেব তাঁর ভার্চুয়াল বক্তব্যে বলেন, “দেশে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় জাকের পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে জাতির ঐক্য ও প্রগতির জন্য রাজনৈতিক সদিচ্ছা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বিকাশ অপরিহার্য।”
তিনি আরও বলেন,“জাকের পার্টি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সত্য, ন্যায় ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
সভায় বক্তারা বলেন, জনজীবনে শান্তি, সাম্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জাকের পার্টি সেই লক্ষ্যেই কাজ করছে—যেখানে থাকবে না বিভেদ, হিংসা বা অন্যায়। বক্তারা আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।
জনসভা শেষে “শান্তি ও স্থিতিশীলতার আহ্বান” স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়নের পক্ষে স্লোগান দেন।
বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

















